কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ এ ১০:৩৪ PM
কন্টেন্ট: পাতা
পরিচালন কার্যক্রম
জিটিসিএল কর্তৃক হুইলিং চার্জ প্রাপ্য সঞ্চালিত মোট গ্যাসের পরিমান ২১৫৯.৫২ কোটি ঘনমিটার। জিটিসিএল পরিচালিত উচ্চচাপ সম্পন্ন গ্যাস সঞ্চালন পাইপলাইন ও স্থাপনাসমূহের নির্ধারিত ডেলিভারি পয়েন্ট দ্বারা ২০২৪-২০২৫ অর্থবছরে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (টিজিটিডিপিএলসি), বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল), জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল), পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) ও সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড (এসজিসিএল)-এর অধিভুক্ত এলাকায় এবং মুচাই কম্প্রেসর স্টেশন-এর জন্য শেভরন বাংলাদেশ লিঃ-কে যথাক্রমে ১৩২২.৩৯, ২৪০.৮০, ২৮৪.৬৮, ১৩৪.৩৩, ১৩৯.২৬, ৩৬.১৯ ও ৩.৬০ কোটি ঘনমিটার অর্থাৎ সর্বমোট ২১৬১.২৫ কোটি ঘনমিটার গ্যাস (যার মধ্যে ৭৯৮.০৬ কোটি ঘনমিটার আরএলএনজি এবং বিজিডিসিএল কর্তৃক হুইলিং চার্জ প্রাপ্য ১.৭৯ কোটি ঘনমিটার গ্যাস অন্তর্ভুক্ত রয়েছে) পরিবহন/সঞ্চালন করা হয়, যা পূর্ববর্তী বছর হতে ০.১১% বেশি। অপরদিকে, উল্লিখিত সময়ে উত্তর-দক্ষিণ কনডেনসেট পাইপলাইনের মাধ্যমে শেভরন-এর জালালাবাদ ও বিবিয়ানা গ্যাস ক্ষেত্র এবং সিলেট গ্যাস ফিল্ডস লিঃ-এর কৈলাশটিলা গ্যাসক্ষেত্র হতে মোট ১৩.৪৬ কোটি লিটার কনডেনসেট পরিবহন করা হয়, যা পূর্ববর্তী বছর হতে ২৬.২৩% কম।
জিটিসিএল-এর স্কাডা সিস্টেমের সাহায্যে প্রতিনিয়ত জিটিসিএল-এর নিয়ন্ত্রণাধীন পাইপলাইনের FSRU এবং বিভিন্ন গ্যাস ক্ষেত্রের মিটারিংয়ের মাধ্যমে পরিমাপকৃত ও সঞ্চালিত গ্যাসের তথ্য-উপাত্ত নিরবচ্ছিন্নভাবে সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া, উক্ত সিস্টেমের সাহায্যে বিতরণ কোম্পানিসমূহে প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহের লক্ষ্যে লোড ম্যানেজমেন্ট কাজে সহযোগিতা প্রদান করা হচ্ছে।
লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) হতে প্রাপ্ত আরএলএনজি সঞ্চালন কার্যক্রম
কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান সামিট করপোরেশন লিমিটেড কর্তৃক স্থাপিত দু'টি FSRU-এর মাধ্যমে ২০২৪-২০২৫ অর্থবছরে ৭৯৮.০৬ কোটি ঘনমিটার গ্যাস (আরএলএনজি) অর্থাৎ দৈনিক গড়ে ৭৭২.১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্যাস গ্রিডের মাধ্যমে সঞ্চালন করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি সম্পর্কিত কার্যক্রম
জিটিসিএল-কে পেপারবিহীন অফিসে পরিণত করার লক্ষ্যে ২০১৭ সাল হতে Enterprise Resource Planning/Enterprise Asset Management (ERP/EAM) System ব্যবহৃত হচ্ছে। উক্ত ERP/EAM System (SAP)-এর ৬টি মডিউলের মাধ্যমে যাবতীয় বিল পরিশোধ, আর্থিক এবং প্রশাসনিক অনুমোদন গ্রহণ, বাজেট ছাড়করণ, সকল কর্মকর্তা-কর্মচারীগণের ব্যক্তিগত তথ্যাদি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, সকল ধরনের ছুটির আবেদন দাখিল এবং অনুমোদন, বেতন-ভাতাদি প্রদান, মালামাল/ইনভেন্টরি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যাবলি অতি সহজে সম্পাদন করা হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইআরপি সিস্টেমের ডাটাসমূহ Oracle Cloud Infrastructure (OCI), Singapore -এর Data Center হতে Bangladesh Data Center Company Ltd. (BDCCL)-এর গাজীপুরস্থ 4-tier Data Center এর G-Cloud এ সফলভাবে মাইগ্রেশন সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ইআরপি সিস্টেমের যাবতীয় কার্যক্রম বিডিসিসিএল-এর উক্ত 4-tier Data Center (DC) : G-Cloud হতে সম্পাদিত হচ্ছে।
জিটিসিএল-এর ওয়েবসাইট ও মেইল সার্ভারের সুরক্ষার জন্য নিয়মিত সিকিউরিটি সিস্টেম আপগ্রেড করা হচ্ছে। জাতীয় তথ্য বাতায়নের অন্তর্ভুক্ত জিটিসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://gtcl.gov.bd) নিয়মিত মনিটরিংসহ প্রয়োজনীয় সকল তথ্য যথাসময়ে ও তাৎক্ষণিকভাবে হালনাগাদ করা হচ্ছে। দাপ্তরিক কাজে তথ্য আদান প্রদানে ব্যবহৃত সরকারি জিমব্রা ই-মেইল সিস্টেম নেটওয়ার্ক, সিস্টেম এডমিনিস্ট্রেশন এন্ড ডাটা ম্যানেজমেন্ট আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
জিআইএস ম্যাপ প্রস্তুতকরণ
জাইকা কর্তৃক “The Project for Gas Network System Digitalization and Improvement of Operational Efficiency in Gas Sector in Bangladesh” প্রকল্পের আওতায় জিটিসিএল-এর সকল পাইপলাইনের GIS Database এবং GIS Version প্রস্তুতকরণের কাজটি সম্পাদিত হয়েছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব জনবল দ্বারা কোম্পানি কর্তৃক বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনের (৩০" ব্যাস X ১৫০ কি.মি.) জিআইএস ম্যাপিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনের (৪২" ব্যাস X ৫০ কি.মি.) জিআইএস ম্যাপিং কার্যক্রম চলমান রয়েছে।
মিটারিং সংক্রান্ত কার্যক্রম
বিভিন্ন গ্যাস ক্ষেত্র হতে উৎপাদিত গ্যাস এবং মহেশখালী FSRU হতে প্রাপ্ত RLNG ২১টি ইনটেক পয়েন্টের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক কাস্টডি মিটারিং করে জিটিসিএল-এর পাইপলাইনে সরবরাহ করে। জিটিসিএল পরিচালিত উচ্চচাপ সম্পন্ন পাইপলাইন দ্বারা ৬৩টি অফটেক পয়েন্টের মাধ্যমে ৬টি বিতরণ কোম্পানিতে গ্যাস সরবরাহ করা হয়। উক্ত অফটেক পয়েন্টের মধ্যে জিটিসিএল নিয়ন্ত্রণাধীন ২৫টি এবং অবশিষ্ট ৩৮টি অফটেক পয়েন্ট বিতরণ কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে উৎপাদিত ও আমদানিকৃত মোট গ্যাসের প্রায় ৭৮.২০% গ্যাস জিটিসিএল-এর পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয়েছে। অবশিষ্ট গ্যাস বিতরণ কোম্পানিসমূহের নিজস্ব গ্যাস সঞ্চালন পাইপলাইনের মাধ্যমে গ্যাসফিল্ড হতে তাদের নিজস্ব সিস্টেমে সরাসরি গ্রহণ করছে। ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির ইনটেক ও অফটেক এর গড় কারিগরি লস ১.৫৭%, যা পূর্ববর্তী বছরে ছিল ২.০৩% অর্থাৎ কারিগরি লস পূর্ববর্তী বছরের তুলনায় ২২.৬৬% হ্রাস পেয়েছে। মিটারিং ব্যবস্থায় স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে ইনটেক ও অফটেক পয়েন্টে অবস্থিত মিটারসমূহ মাসিক ভিত্তিতে নিয়মিত যৌথ ক্যালিব্রেশন করা হচ্ছে। এছাড়া গ্যাস মিটারিংসমূহে AGA অনুযায়ী Turn Down Ratio সঠিক রাখার জন্য বিভিন্ন মডিফিকেশন করা হচ্ছে।